দেশের দক্ষিণাঞ্চলের তিন বিভাগ—খুলনা, বরিশাল ও চট্টগ্রামে টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগামী কয়েক দিন সারা দেশের আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বর্তমানে অবস্থান করছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
অন্যদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনা উপকূলীয় এলাকা, বরিশালের অধিকাংশ জেলা এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।






























