বলিউড তারকা মালাইকা অরোরা। ক্যারিয়ারের চেয়ে তার ব্যক্তিজীবনে অসম প্রেমের গল্প যেনো একটু বেশিই আলোচনায় রাখেন এই অভিনেত্রীকে। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন মালাইকা। এই প্রেমের গল্প এখন পুরোটাই অতীত। কারণ দুজনের পথ আজ বেঁকে গেছে।
মালাইকা অরোরা নতুন প্রেমে মন মজিয়েছেন। আর নতুন প্রেমিককে নিয়ে ইতালির রাজধানী রোমে ছুটি কাটাতে গিয়েছেন। এই অভিনেত্রীর কথিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা।
গত বছর মুম্বাইয়ে গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই মালাইকা ও হর্ষকে নিয়ে গুঞ্জন শুরু হয়। এবার ইতালির ভ্রমণ গুঞ্জনকে আরও বেশি উসকে দিল। ভাইরাল হওয়া ছবিতে দুজনকে দেখা যায় রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে।
ছবিতে দেখা গেছে, মালাইকার পরনে ছিল ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোট। নো মেকআপ লুক ও স্লিক হেয়ারস্টাইলে তিনি ছিলেন স্বাভাবিক অথচ স্টাইলিশ। অন্যদিকে ধূসর জ্যাকেটে হর্ষ মেহতাকেও দেখা যায় স্বচ্ছন্দ ভঙ্গিতে।
শোনা যাচ্ছে, ৩৩ বছর বয়সী উদ্যোক্তা হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কেউই কিছু জানাননি, তবু একসঙ্গে উপস্থিতি ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। তবে প্রেমিককে নিয়ে মালাইকার এই দূরদেশে ভ্রমণ অনেকটাই প্রমাণ করেছে ‘যা রটে তা কিছুটা বটে’।
তবে নেটিজনরা বলছেন, আবারও মালাইকার এই অসম প্রেমের গল্পের পথ শেষ হবে, নাকি এবার প্রেমকে পরিণয় দিয়ে দুজনের চারহাত এক হবে?





































