ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? 

৫টি বিষয় আপনি জেনে নিন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:০৬ পিএম
৫টি বিষয় আপনি জেনে নিন 

এ বছর পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ২০ মার্চ। ঈদ উপলক্ষে অনেকেই ভ্রমণের পরিকল্পনা সেরে ফেলেছেন, আবার কেউ কেউ এখনো করছেন। শেষ মুহূর্তে পরিকল্পনা করলে খরচ যেমন বাড়ে, তেমনি বাড়ে ভোগান্তি। তাই এখনই প্রস্তুতি শুরু করা বুদ্ধিমানের কাজ। ভ্রমণের পরিকল্পনা সহজ করতে সাহায্য করবে এই পাঁচটি বিষয়:

দেশ নাকি বিদেশ
আগেই ঠিক করুন কোথায় ঘুরতে যাবেন—দেশে না বিদেশে। দেশে ভ্রমণের ক্ষেত্রে ওই সময়ের আবহাওয়া বিবেচনায় নিয়ে গন্তব্য বাছাটা জরুরি। মার্চের শেষ দিকে চৈত্রের শুরু, তখন গরম পড়তে শুরু করে। সে সময় তুলনামূলক স্বস্তি দিতে পারে সিলেট অঞ্চল বা উত্তরাঞ্চল।

বিদেশে যাওয়ার পরিকল্পনা করলে আগে জেনে নিন সংশ্লিষ্ট দেশে যেতে আগাম ভিসা লাগে কি না। লাগলে ভিসা পেতে কত সময় লাগে, সেটিও বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি পরিবার, বন্ধু নাকি একা ভ্রমণ করবেন, সেটিও গন্তব্য বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।


বাজেট করুন
ভ্রমণের ক্ষেত্রে বাজেট একটি বড় বিষয়। ঈদের কেনাকাটায় অনেক সময় ভ্রমণের বাজেট কমে আসে। তাই শুরুতেই মোট বাজেট নির্ধারণ করে নিন। যাতায়াতের খরচ—ফ্লাইট, বাস না ট্রেন—কীভাবে যাবেন, হিসাব করুন।


যাতায়াত ও হোটেল
বিদেশভ্রমণের ক্ষেত্রে কয়েক মাস আগে পরিকল্পনা করলে শুধু বিমানের টিকিট নয়, হোটেলভাড়া কিংবা বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমও তুলনামূলক কম দামে পাওয়া যায়। সময় যত ঘনিয়ে আসে, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে অনেক গন্তব্যে ফ্লাইটের টিকিটের দাম বেড়েছে, সামনের দিনগুলোয় আরও বাড়ার সম্ভাবনা আছে। তাই আগাম বুকিং করাই বুদ্ধিমানের কাজ।

দেশে ঈদের সময় পাহাড়, সমুদ্র কিংবা সমতল—সব জায়গাতেই পর্যটকের ভিড় থাকে। তাই হোটেল বা রিসোর্ট আগে থেকেই বুক করা জরুরি। রোজায় অনেক রিসোর্ট বিশেষ ছাড় ঘোষণা করে, সে সময় বুকিং করলে খরচ কিছুটা কমানো যায়। যাতায়াতের ক্ষেত্রেও ঈদের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই বাস বা ট্রেনের টিকিট কেটে নেওয়া ভালো।


বিদেশে গেলে ভিসা
নেপাল, ভুটান বা মালদ্বীপে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের আগাম ভিসার প্রয়োজন হয় না। শ্রীলঙ্কার জন্য ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) বাধ্যতামূলক হলেও দুই–তিন দিন আগে আবেদন করলেই সাধারণত অনুমোদন পাওয়া যায়। থাইল্যান্ডের ভিসাতেও জটিলতা কমে এসেছে।

তাই বিদেশে ভ্রমণের পরিকল্পনা করার সময় কোন দেশে যাচ্ছেন, সেই দেশের ভিসা নীতিমালা আগে জেনে নিন। মার্চের আগে ভিসা পেতে চাইলে এখনই আবেদন করা ভালো। মনে রাখতে হবে, ভিসা আবেদনের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। এ ছাড়া বিমানের টিকিট, হোটেল বুকিং ও প্রয়োজনীয় নথির সফট কপি সংরক্ষণে রাখলে ভ্রমণের সময় ঝামেলা কমে।

বিকল্প পরিকল্পনা রাখুন
ঈদের ভ্রমণে ভিড় একটি বড় বাস্তবতা। ঈদের মূল ছুটির শুরু হওয়ার এক–দুই দিন আগে বা পরে যাত্রা করলে চাপ কিছুটা কমে। ঈদের দিন যাত্রার বদলে গন্তব্যে থাকাই স্বস্তিকর। ফিরতি যাত্রার ক্ষেত্রেও ছুটি শেষের একদিন আগে রওনা দিলে ভোগান্তি কম হয়।

Link copied!