‘বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়’


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৯:৫৪ পিএম
‘বিএনপি-জামায়াত দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারাই সহিংসতার ঘটনা ঘটিয়েছে। বিএনপি-জামায়াত দেশে হিন্দুদের ওপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে।”

মঙ্গলবার (১৯ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শনে এসে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “যারা ভারতবিরোধী কথা বলে, হিন্দুদের ভোটকেন্দ্রে যেতে দিতে চায় না বা বাধা দেয়, সাম্প্রদায়িক রাজনীতি যারা করে সেই তারাই (বিএনপি-জামায়াত) এই হামলার ঘটনা ঘটিয়েছে।”

হাছান মাহমুদ বলেন, “দেশের উন্নয়ন ও সম্প্রীতি যাদের পছন্দ নয়। শান্তি-শৃঙ্খলা যারা চায় না তারাই উস্কানি দিয়ে কুমিল্লা, নোয়াখালী, রংপুরে এমন ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এর আগে তথ্যমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়।

এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!