বলিউড পেরিয়ে হলিউডে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। নানা প্রতিকূলতা ও সমালোচনা সামলেও থেমে থাকেননি তিনি। সেই ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও জায়গা করে নিলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আসর অস্কারের মঞ্চে।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বৃহস্পতিবার অনুষ্ঠানের উপস্থাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর সঙ্গে উপস্থাপক হিসেবে থাকছেন রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, উইল আর্নেট, পল মেসকাল ও গুইনেথ প্যালট্রোর মতো তারকারা। প্রিয়াঙ্কা নিজেও ইনস্টাগ্রামে বিষয়টি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
তবে অস্কারের মঞ্চে এটি তাঁর প্রথম উপস্থিতি নয়। এর আগে ২০১৬ সালেও উপস্থাপক হিসেবে অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। পরে ২০২৩ সালে এই মঞ্চে উপস্থাপনা করেছিলেন দীপিকা পাড়ুকোন। সে বছর এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয়।
অস্কার ছাড়াও প্রিয়াঙ্কা অতীতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ও প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মতো বড় আয়োজনেও উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। সম্প্রতি তাঁকে দেখা গেছে অ্যাকশন–থ্রিলার চলচ্চিত্র ‘দ্য ব্লাফ’-এ। সামনে এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ছবিটি মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের ৭ এপ্রিল। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’-এর পরবর্তী সিজনেও কাজ করবেন তিনি।


































