জামালপুরের সরিষাবাড়ি থেকে কষ্টি পাথরের মূর্তিসহ দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্যামেরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৮ অক্টোবর ) দুপুরে র্যাব-১৪ ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মহাদান গ্রামের রাফাদান মণ্ডলের ছেলে আফতাব উদ্দিন ও বাউশি গ্রামের আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সন্ধ্যার দিকে র্যাবের একটি আভিযানিক দল উপজেলার শ্যামেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ এই দুই চোরাচালানকারীকে আটক করে। উদ্ধারকৃত মূর্তির মূল্য আনুমানিক এক কোটি টাকা।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিউজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল এই চক্রটি। এ ব্যাপারে মামলা করা হয়েছে।






































