বাগেরহাট শহরের একটি হোটেলের কক্ষ থেকে নাসিমা খাতুন (৩৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সঙ্গী রবিউল ইসলাম রুবেলকে (২৩) আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসিমা খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী দক্ষিণপাড়া এলাকার ওলীদ মিয়ার মেয়ে। তিনি রাজধানী সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
আটক রবিউল ইসলাম রুবেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার বিকেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল বিলাসে উঠেছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে রুবেল জানান, ২০১৫ সালে ঝিনাইদহ পলিটেকনিকে পড়ার সময় রবিউল ইসলাম রুবেলের সঙ্গে নাসিমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই বছর ২ মে দুইজনের বিয়ে হয়। পরের বছর, ২০১৬ সালে রুবেলের কাছ থেকে চলে ও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেন নাসিমা। এর মধ্যে রুবেল আরেকটি বিয়ে করেন। এদিকে গত এক বছর ধরে পুনরায় নাসিমা ও রুবেলের মধ্যে মুঠোফোনে যোগাযোগ এবং দেখা-সাক্ষাৎ হতে থাকে।
বিলাস হোটেলের ম্যানেজার মো. হুমায়ুন জানান, রুবেল ও নাসিমা এর আগেও এই হোটেলে থেকেছেন। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, হোটেল বিলাসের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাসিমার মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা যুবক রবিউল ইসলাম রুবেলকে আমরা আটক করেছি। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







































