• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, জেলের লাশ উদ্ধার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৮:৩১ পিএম
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, জেলের লাশ উদ্ধার

সাগরে ইলিশ শিকারে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবে রুহুল আমিন (৫০) নামের এক জেলের মৃত্যু, আহত হয়েছেন আরও পাঁচজন জেলে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও কচিখালি এলাকায় আরও একটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। দুটি ট্রলারই উদ্ধারে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে অপর ‘উদ্ধারকারি ট্রলার’ পাঠানো হয়েছে।

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারডুবি ও জেলে নিহতের তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পরে ছয় জেলেসহ রুহুল আমিন খানের ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারের মালিক ও জেলে রুহুল আমিনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন ট্রলারের অপর পাঁচজন জেলে। নিহত রুহুল আমিনের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায়।

এছাড়াও অপরদিকে সুন্দরবন এলাকার কচিখালী এলাকায় জসিম উদ্দিনের মালিকানাধীন আরও একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে ঠিক কতজন জেলে ছিল এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ট্রলার মালিক সমিতি। তবে তাদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধার ট্রলার পাঠানো হয়েছে বলে জানান মোস্তফা চৌধুরী।

Link copied!