ফেনীর সোনাগাজী পৌর নির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ১৬ বহিরাগতকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌর শহরের সাবের পাইলট হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট দিতে শুরু করেছেন ভোটাররা।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের থানা হাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা এ এম জহিরুল হায়াত বলেন, “সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। কোনো ধরনের অনিয়ম আমরা সহ্য করব না। কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেটরা থাকবেন। অনিয়ম দেখলেই তারা ব্যবস্থা গ্রহণ করবেন।”
ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী জানান, মাঠে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের জন্য তারা কাজ করে যাবেন।
উপজেলা নির্বাচন অফিস জানায়, এ পৌরসভায় মেয়র পদে চারজন ও সংরক্ষিত সাধারণ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চারজন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ দশমিক ৫০ বর্গকিলোমিটারের ‘ক’ শ্রেণির পৌরসভাটিতে মোট ভোটার ১৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৮৫৮ এবং পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন।
ওই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের হাফেজ হিজবুল্লাহ, স্বতন্ত্র মোবাইল প্রতীকে আবু নাছের এবং জগ প্রতীকে শেখ সেলিম নির্বাচনে অংশ নিয়েছেন।
দেশের ১৬০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হচ্ছে আজ। একই সঙ্গে ভোট নেওয়া হচ্ছে ৯টি পৌরসভাতেও। তবে এর মধ্যে ৪৪টি ইউপির চেয়ারম্যান পদে এবং তিন পৌরসভার মেয়র পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিজয়ী হয়েছেন। এসব জায়গায় চেয়ারম্যান ও মেয়র পদ বাদে অন্য পদগুলোতে ভোট নেওয়া হচ্ছে।






































