খাগড়াছড়ি শহরের কলেজ রোড এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি কলেজ সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে বহনকারী গাড়িসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার জানান, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইটপাটকেল ছুড়তে থাকলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ ও যুবলীগের চারজন আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হামলার পর শহরে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
পুলিশ সুপার নাইমুল হক জানান, পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে কয়েক দিন ধরেই জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।







































