রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁর নাম মো. করিম (১৮)। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।
গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
করিমের বাবা রফিকুল ইসলাম জানান, তাঁরা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে তিনিই ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। ছেলে করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্ধকার থেকেই এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি বিদ্ধ হয়।
স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি মাংস ভেদ করে গেছে।
তিনি আরও জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকেরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটি তাঁদের কারোরই জানা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে গুলিবিদ্ধ হয়ে এক কলেজছাত্র হাসপাতালে আসে। চিকিৎসা শেষে বাসায় চলে গেছে। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করছেন।





























