দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১১:১০ পিএম
দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর নিহতের খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি টহল দলের সদস্যরা। কিন্তু সেখানে অপেক্ষা করছিল একজন বাবার জীবনের সবচেয়ে নির্মম মুহূর্ত। কেননা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রাকচাপায় নিহত স্কুলছাত্র আর কেউ নয়, টহল দলে থাকা এক পুলিশ সদস্যের ছেলে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন আবদুল ওয়াহেদ (১০) জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কনস্টেবল শামসুল হক কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুর বাসায় যাওয়ার পথে সাইকেলে থাকা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিনকে একটি সিমেন্টবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল শামসুল হক। তখনও তিনি জানতেন না, যে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে যাচ্ছেন, সেটি তার নিজের ছেলের।

ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে তিনি হতবাক হয়ে যান। নিজের সন্তানের নিথরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলের সেই দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘শামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে জানতে পারে নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!