মধ্যরাতে যাত্রীবাহী বাসে ডাকাতি


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০২:২০ পিএম
মধ্যরাতে যাত্রীবাহী বাসে ডাকাতি

টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে অন্তত সাত জন।

সোমবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার রক্তিপাড়ার নরকোণা এলাকায় ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।

পুলিশ ও বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিলো। পথে গাজীপুরের চন্দ্র থেকে সাত/আট জনের একটি ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাল দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেন। এ সময় প্রতিবাদ করলে ডাকাত দল সাত যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তারা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!