নড়াইলের কালিয়ায় অস্ত্র ও মাদক কারবারি হানিফ মোল্যা (৩২) এবং তার স্ত্রী সোহানাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার কুলসুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেললে এ তথ্য জানান।
পুলিশ জানায়, হানিফ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে চায়না পিস্তল, ম্যাগজিন ও দুইটি দেশি ওয়ান শুটার উদ্ধার করা হয়।
এই ঘটনায় কালিয়া থানায় মামলা করা হয়েছে।
হানিফ উপজেলার বেন্দার চরের বাবু মোল্লার ছেলে। হানিফ তার শ্বশুরবাড়ি কুলসুর গ্রামে অস্ত্র ও মাদক ব্যবসা করত বলে জানা যায়।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, কুলসুর গ্রামে অনেকদিন ধরে হানিফ ও তার স্ত্রী মাদক ও অস্ত্র ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হানিফের শ্বশুরবাড়ি কুলসুর গ্রামে অভিযান চালায়। বাড়িতে অস্ত্র পাওয়া যায় এবং তাদের আটক করা হয়।






































