বাসে তরুণীকে পর্নো দেখিয়ে কারাগারে যুবক


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ১০:০৮ এএম
বাসে তরুণীকে পর্নো দেখিয়ে কারাগারে যুবক

যাত্রীবাহী বাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পর্নো ভিডিও দেখিয়ে উত্ত্যক্ত করায় এক যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে সোমবার রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে এ উত্ত্যক্তের ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুজনশ্রী গ্রামের আব্দুর রউফের ছেলে মো. মাহবুবুর রহমান (২৬)। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে করে সিলেটে আসছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ সময় তার সামনের আসনে বসা যুবক মাহবুবুর রহমান নিজের হাতে থাকা মুঠোফোনে পর্নো ভিডিও দেখিয়ে দীর্ঘক্ষণ ওই ছাত্রীকে বিরক্ত করেন ও বিভিন্নভাবে খারাপ অঙ্গভঙ্গি করেন। ছাত্রী এর প্রতিবাদ করলে বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বাসের সুপারভাইজার ওই ছাত্রীকে অন্য একটি আসনে নিয়ে বসান।
 
মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে এসে ওই যুবক বাস থেকে নামতে চাইলে তাকে বাধা দেন ভুক্তভোগী ছাত্রী। এ সময় সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে শাবি শিক্ষার্থীরা অবস্থান করছেন বলে জানান তিনি। এতে বাসের মধ্যে হট্টগোল শুরু হয়। ঘটনা শুনে শেরপুর হাইওয়ে থানার টহল পুলিশ সদস্যরা বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেনকে জানান। ওসি সিলেট অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহকে বিষয়টি জানান। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ওসি মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনা জানান। খবর পেয়ে সকাল ৭টা ২০ মিনিটে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহবুবুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, “মহাসড়কে সব ধরনের হয়রানি বন্ধে পুলিশ তৎপর রয়েছে। মহাসড়কে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সে বিষয়টিকে সামনে রেখে কাজ করা হচ্ছে। তাই ওই ছাত্রীর সঙ্গে এমন আচরণের খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক আইনগত উদ্যোগ নিয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!