সোনারগাঁয়ে যৌতুক না দেওয়ায় মামীকে পিটেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাগিনা।
নির্যাতনের শিকার গৃহবধূ রোকসানা মঙ্গলবার (১৬ নভেম্বর) সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে পাঁচানি শহীদনগর এলাকার মো. হাজিদের স্ত্রী রোকসানা বলেন, “দীর্ঘ ৭ বছরের সংসারে রায়হান নামে আমাদের একটি ৬ বছরের ছেলে আছে। বিয়েতে ২ লাখ টাকা যৌতুক নেওয়ার পর থেকেই আরও টাকা চেয়ে বিভিন্ন সময় আমাকে নির্যাতন করে আসছিল আমার স্বামীর ভাগিনা আলমগীর (২৮), শ্বশুর মো. আব্দুল ছৈয়াল (৬০) ও ভাগনি মোসা. আমেনা বেগম (৪২) । সর্বশেষ ৩ নভেম্বর যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে আমার শ্বশুরের প্ররোচনায় ভাগিনা আলমগীর ও তার খালা আমেনা বেগম আমাকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়।”
রোকসানা আরও বলেন, “পরবর্তীতে আলমগীর ও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে বাপের বাড়িতে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসে।”
ওই গৃহবধূ আরও অভিযোগ করেন, প্রবাসী স্বামী গত ৩ মাস ধরে ভরণপোষণের খরচ বন্ধ করে দেওয়ায় সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত পূর্বক দোষীদেরকে বিচারের আওতায় আনা হবে।






































