আত্মবিশ্বাসে টুখেলের দল

আর্জেন্টিনা মহারণের আগে স্বস্তির হাসি ইংল্যান্ড শিবিরে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১২:৩৭ পিএম
আর্জেন্টিনা মহারণের আগে স্বস্তির হাসি ইংল্যান্ড শিবিরে

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে বড় স্বস্তির খবর পেয়েছে ইংল্যান্ড। দলের অন্যতম ভরসার মিডফিল্ডার ডেক্লান রাইস পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

স্কাই স্পোর্টস জানিয়েছে, আটলান্টায় অনুষ্ঠেয় সেমিফাইনালে প্রথম একাদশেই থাকবেন এই তারকা। তবে আনুষ্ঠানিকভাবে এখনও একাদশ দেয়নি ইংল্যান্ড।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকো সিটিতে পাকস্থলীর সমস্যায় আক্রান্ত হন রাইস। ইংল্যান্ড কোচ টমাস টুখেল জানান, অসুস্থতার কারণে কোয়ার্টার ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকেও উঠতে পারেননি ডেক্লান। সে কারণে নরওয়ের বিপক্ষে চিকিৎসকদের পরামর্শে তাকে মাত্র ৪৫ মিনিট খেলানো হয়েছিল।

নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পাওয়া জয়ের পর রাইসকে ক্লান্ত দেখালেও তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে ১২০ মিনিটের সম্ভাবনা বিবেচনায় রেখে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন টুখেল।

ম্যাচশেষে টুখেল বলেন, ‘আমরা জানতাম ডেক্লান লড়াই করছে। সে আরও খেলতে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়ায়, তাহলে বদলি খেলোয়াড় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারত। তাই তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক প্রমাণিত হয়েছে।’

সোমবার কানসাস সিটিতে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন ডেক্লান রাইস। ক্লোজ ডোর সেই সেশনের পর ইংলিশ শিবির নিশ্চিত করেছে, আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে খেলতে ডেক্লান এখন সম্পূর্ণ ফিট। 

Link copied!