যশ অভিনীত ‘টক্সিক’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নানা বিতর্ক তৈরি হয়েছে। শুরু থেকেই ছবিটিকে ‘নারীবিদ্বেষী’ তকমা দেওয়া হয়। এবার প্রকাশ্যে এসেছে যশ ও কিয়ারা আদভানির ছবির প্রথম গান, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।
গানটির ভিডিও একদিকে যেমন দর্শকের একাংশকে মুগ্ধ করেছে, অন্যদিকে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যের কারণে তীব্র সমালোচনারও মুখে পড়েছে।
আরও পড়ুন
বিশাল মিশ্রের গাওয়া ও সুর করা গানের শুরুতেই গির্জার বাইরে কিয়ারাকে দেখে কোলে তুলে নেন যশ। পরে সার্কাসের মঞ্চে ওঠার আগে মঞ্চের পেছনে নিয়ে গিয়ে তাকে চুম্বন করেন। এরপর গাড়ির ভেতর, সমুদ্রসৈকতসহ বিভিন্ন স্থানে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা হয়েছে। গানের শেষ দৃশ্যে আগুনে পুড়ে যাওয়া একটি কার্নিভালের ফেরিস হুইল-এ দেখা যায় দুজনকে।
যশ ও কিয়ারার রসায়ন, আবেগঘন অভিনয় এবং গানের আবহ পুরো বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এখানে প্রেমকে এমন এক অনুভূতি হিসেবে দেখানো হয়েছে, যা একই সঙ্গে গভীর, আবেগপ্রবণ ও সর্বগ্রাসী।
গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক দর্শক যশ ও কিয়ারার অনস্ক্রিন রসায়নের প্রশংসা করেছেন। তাদের মতে, এই জুটিই ছবির সবচেয়ে বড় আকর্ষণ।
তবে সমালোচনার সুরও কম জোরালো নয়। একাংশের অভিযোগ, একটি অ্যাকশনধর্মী ছবির প্রথম গানেই এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কারও মতে, এটি অ্যাকশন ছবির প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। আবার কেউ লিখেছেন, ছবির নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা যেন বিতর্কিত বা আপত্তিকর বিষয়কে স্বাভাবিক হিসেবে তুলে ধরার সুযোগ নিচ্ছেন।
আরেক অনুরাগীর মন্তব্য, ভিডিওটি অনেকটাই গর্ভনিরোধকের বিজ্ঞাপনের মতো মনে হয়েছে। তবে সমালোচনার মধ্যেও অনেকেই কিয়ারার লুক ও পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন।






































