বিশ্বকাপ শেষে ফরাসি ফুটবলের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন দিদিয়ের দেশম। সেই শেষের শুরু বুঝি হয়েই গেল। ১৪ বছরের বেশি সময় ফ্রান্স দলের দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন দেশম। তার উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়া এখন প্রায় নিশ্চিত।
২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন দেশম। তার অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ সালে রানার্সআপ হওয়ার পর এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে লে ব্লুদের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই হবে দেশমের শেষ দায়িত্ব।
বিশ্বকাপে দেশমের অধীনে ফ্রান্স মোট ২৬ ম্যাচ খেলেছে। জাতীয় দলের কোচ হিসেবে ১৮৪ ম্যাচে ১২০ জয়, ৩৫ ড্র ও ২৯ হার। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দেশমের বিদায়ের পর জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন তার সাবেক সতীর্থ জিদান।
বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিদান ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই ফ্রান্সের কোচ হওয়ার অপেক্ষায় রয়েছেন। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে নেশনস লিগ থেকেই শুরু হবে তার পথচলা।
জিদানের অধীনে দলে কিছু পরিবর্তনও আসতে পারে। থিও হার্নান্দেজ, লুকাস হার্নান্দেজ ও এনগোলো কান্তের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। অন্যদিকে এদুয়ার্দো কামাভিঙ্গা, লেনি ইয়োরো, রায়ান শেরকি ও দেজিরে দুয়ের মতো তরুণরা বড় ভূমিকা পেতে পারেন।
তবে নতুন যুগেও ফ্রান্সের আক্রমণের মূল ভরসা থাকবেন কিলিয়ান এমবাপ্পে। তাকে ঘিরেই ২০২৮ ইউরো ও ২০৩০ বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন জিদান। তবে এখনও সব কিছু নিশ্চিত নয়!


































