বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল শনিবার মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। হাইভোল্টেজ এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনার জন্য অফিশিয়াল রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনহেইরো।
পর্তুগালের শীর্ষ লিগ ও ইউরোপীয় মঞ্চে ম্যাচ পরিচালনার জন্য বেশ পরিচিত জোয়াও পিনহেইরো। আর্জেন্টিনার বাঁচা-মরার এই ম্যাচে তার সহকারী (লাইনসম্যান) হিসেবে দায়িত্ব পালন করবেন তারই দুই স্বদেশি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। পর্তুগিজ এই ত্রয়ীর পাশাপাশি ম্যাচের চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকছেন কানাডিয়ান রেফারি ড্রিউ ফিশার।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানের এক মহাকাব্যিক জয় পেয়েছিল আর্জেন্টিনা। ড্রেসিংরুমের ফুরফুরে মেজাজ আর মেসি-মার্তিনেসদের বিধ্বংসী পারফরম্যান্সের ওপর ভর করে সেমিফাইনালের টিকিট কাটতে মরিয়া লিওনেল স্কালোনির দল। অন্যদিকে ছক কষে আর্জেন্টিনাকে আটকানোর অপেক্ষায় রয়েছে সুইজারল্যান্ড।
আগামী ১১ জুলাই কানসাস সিটি স্টেডিয়ামের এই বিগ ম্যাচে মাঠের ফুটবলারদের পাশাপাশি স্পটলাইটে থাকবেন রেফারি পিনহেইরোও। ফুটবল বিশ্বের নজর এখন এই রোমাঞ্চকর লড়াইয়ের দিকে।





































