‘টক্সিক’-এর নতুন গান ‘তাবাহী’, নজর কাড়লেন ইয়াশ-কিয়ারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১০:৫২ এএম
‘টক্সিক’-এর নতুন গান ‘তাবাহী’, নজর কাড়লেন ইয়াশ-কিয়ারা

কন্নড় তারকা ইয়াশের কথা বললেই ‘কেজিএফ’-এর সেই চেনা খুনে রূপ, কাঁধে বন্দুক আর মুখে কড়া সংলাপ এই রূপটাই মনে পড়ে। ইয়াশকে এই লুকেই দেখতে অভ্যস্ত দর্শক। তবে এবার তার সেই চিরচেনা ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ইমেজ ভেঙে একেবারে রোমান্টিক রূপে হাজির হলেন এই সাউথ সুপারস্টার।

তার আগামী মেগা প্রজেক্ট ‘টক্সিক’-এর নতুন গান ‘তাবাহী’ মুক্তি পেতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। গানে ইয়াশের সাথে বলিউড সুন্দরী কিয়ারা আদভানির কেমিস্ট্রি দেখে চোখ জুড়িয়ে গেছে ভক্তদের।

বিখ্যাত সুরকার বিশাল মিশ্রের সুরে ও চমৎকার কোরিওগ্রাফিতে ‘তাবাহী’ গানটি যেন চোখের শান্তি। এতদিন সিনেমার যে কড়া অ্যাকশন আর অন্ধকার জগতের টিজার দেখানো হয়েছিল, এই গানটি তার থেকে একেবারেই আলাদা।

সুফি কবি রুমির একটি বিখ্যাত উক্তি শেয়ার করে ইয়াশ নিজেই এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। তবে রোমান্সের মাঝেও রয়েছে রহস্যের ছোঁয়া। গানের একদম শেষ দৃশ্যে তারা সুতারিয়া ইয়াশকে প্রশ্ন করে, ‘তোমার মতো একজন স্বার্থপর মানুষ কি আসলেই কারও প্রেমে পড়তে পারে?’ উত্তরে ইয়াশ গম্ভীর মুখে জানান, ‘ভীষণ কঠিন!’। আর এই একটি সংলাপই বলে দিচ্ছে, সিনেমার গল্পে রোমান্সের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো মানসিক দ্বন্দ্ব।


গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটিতে কেবল কিয়ারা আদভানিই নন, বড় চমক হিসেবে আছেন সাউথের লেডি সুপারস্টার নয়নতারা। এই গানের ভিডিওতেও তার এক ঝলক দেখা গেছে।

এর কিছুদিন আগেই সিনেমার একটি বিশেষ নারী-প্রধান টিজার ‘লেডিস অ্যান্ড লেডিস’ প্রকাশ করা হয়েছিল; যেখানে নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো তারকাদের এক একটি দুর্ধর্ষ লুকে হাজির করা হয়। ক্ষমতা, ধোঁকা আর অ্যাকশনের এক টানটান গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা।

কন্নড় ও ইংরেজি—দুই ভাষায় শুট করা বিশাল বাজেটের এই প্যান-ইন্ডিয়া সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ইয়াশ ভক্তদের উন্মাদনাও যেন পাল্লা দিয়ে বাড়ছে!

Link copied!