ইয়ামালের হেডব্যান্ডে ‘০৮৩০৪’ লেখা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১১:২২ এএম
ইয়ামালের হেডব্যান্ডে ‘০৮৩০৪’ লেখা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা

বিশ্বকাপে পায়ের জাদু দেখানোর পাশাপাশি ব্যতিক্রমী এক ঘটনা ঘটিয়ে চলছেন স্পেনের ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। মাঠে নামার সময় ইয়ামালের মাথায় থাকা হেডব্যান্ড যেন হয়ে উঠেছে তার ব্যক্তিগত ভাবনার বহিঃপ্রকাশ। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ইয়ামালের হেডব্যান্ডে থাকা ‘০৮৩০৪’ লেখাটি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে জল্পনা।

ফুটবলপ্রেমীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, কী এই ০৮৩০৪? 'গ্লোবো স্পোর্ত' জানিয়েছে, এটি কোনো গোপন কোড নয়, বরং স্পেনের মাতোরো শহর রকাফনদা এলাকার পোস্টাল কোড। এই এলাকাতেই ইয়ামালের জন্ম ও বেড়ে ওঠা। নিজের শেকড়কে সম্মান জানাতেই তিনি এই সংখ্যাটিকে বেছে নিয়েছেন। এর আগেও গোল করার পর তিনি আঙুলের ইশারায় ‘৩০৪’ দেখিয়ে নিজের এলাকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন।


পুরো বিশ্বকাপে ইয়ামালের হেডব্যান্ডে বারবার দেখা গেছে নানা বার্তা। অস্ট্রিয়া ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তিনি লিখেছিলেন ‘ইগো ইয়ামাল’। অনেকের মনে হতে পারে এটি অহংকারের প্রকাশ। কিন্তু এর পেছনে রয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘ব্লু লক’ -এর অনুপ্রেরণা। ওই সিরিজে দেখানো হয়, বিশ্বের সেরা স্ট্রাইকার তৈরির জন্য ব্যক্তিগত দক্ষতা ও ‘ইগো’ বা আত্মবিশ্বাস কতটা জরুরি।

অর্থাৎ, দলগত খেলার পাশাপাশি একজন খেলোয়াড়কে ম্যাচ জেতানোর জন্য ব্যক্তিগতভাবে কতটা সাহসী ও আত্মবিশ্বাসী হতে হয়, সেই বার্তাই দিতে চেয়েছেন ইয়ামাল। তার এই অভিনব প্রচারণা একদিকে যেমন ভক্তদের মাঝে নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে, তেমনি স্পোর্টস ব্র্যান্ডগুলোর সাথে তার ব্যবসায়িক প্রচারণাকেও দিচ্ছে নতুন মাত্রা। মাঠের লড়াইয়ে ইয়ামাল হয়ে উঠেছেন এক তরুণ প্রজন্মের প্রতীক।

স্পেনে জন্ম নিলেও ইয়ামালের রক্তে রয়েছে বৈচিত্র্য। তার মা ইকুয়েটোরিয়াল গিনির এবং বাবা মরক্কোর বাসিন্দা। তবে সব পরিচয় ছাপিয়ে আজ তিনি স্প্যানিশ ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ২০১০ সালের পর থেকে দীর্ঘ ১৬ বছর বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর ইয়ামালের কাঁধে ভর করেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

Link copied!