ছাত্রের বিপক্ষেই ফাইনাল খেলতে চান স্পেন কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১১:১৫ এএম
ছাত্রের বিপক্ষেই ফাইনাল খেলতে চান স্পেন কোচ

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এখন তাদের অপেক্ষা শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে তা জানার। অন্যদিকে বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচের আগে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে জানালেন, তিনি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চান।

ফুটবল মাঠে কৌশল ও দর্শনের লড়াইয়ের পাশাপাশি দুই কোচের ব্যক্তিগত বন্ধুত্বের এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছেন লা ফুয়েন্তে ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে স্কালোনি যখন ছাত্র ছিলেন, তখন লা ফুয়েন্তে ছিলেন তার শিক্ষক। সেই পুরনো সখ্য থেকেই লা ফুয়েন্তে মনের ইচ্ছার কথা জানালেন সংবাদ সম্মেলনে।


লা ফুয়েন্তে বলেন, ‘আমি ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতেই বেশি পছন্দ করব। কারণ স্কালোনির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তবে বিষয়টি কেবল ব্যক্তিগত ভালো লাগার নয়, ইংল্যান্ডও অত্যন্ত শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ। দুই সেমিফাইনালের যেকোনো দলই ফাইনালে যাওয়ার মতো যোগ্য। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সেরা চারটি দলই সেমিফাইনালে পৌঁছেছে, যা এবারের বিশ্বকাপের মানকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।’ 

অন্যদিকে আর্জেন্টিনার কোচ স্কালোনিও তার প্রাক্তন শিক্ষকের প্রতি সম্মান জানাতে কার্পণ্য করেননি। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লুইসের জন্য আমি খুবই খুশি। তিনি একজন দারুণ মানুষ। শিক্ষক হিসেবে তিনি আমাকে সবসময় সাহায্য করেছেন। তিনি যা অর্জন করেছেন, তা তার প্রাপ্য। আমি তাকে ফোন করব কি না তা নির্ভর করছে ম্যাচের ফলাফলের ওপর। আমরা জিতলে হয়তো ফোন করব না, কিন্তু হারলে হয়তো লুইসের কাছে কিছু পরামর্শ চেয়ে তাকে ফোন করব। তবে আশা করছি, ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন পড়বে না।’

স্পেন ইতিমধ্যে তাদের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এখন দেখার বিষয়, ফাইনালে কি লা ফুয়েন্তে তার ছাত্র স্কালোনির আর্জেন্টিনার মুখোমুখি হবেন, নাকি তাকে মোকাবিলা করতে হবে ইংল্যান্ডের? বুধবার রাতে আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ড ও আর্জেন্টিনা লড়াই করবে ফাইনালের শেষ টিকিটের জন্য। ফুটবলপ্রেমীদের নজর এখন আটলান্টায়—কে হবে স্পেনের প্রতিপক্ষ?

Link copied!