রেফারিকে একহাত নিলেন স্পেন অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৫:২৪ এএম
রেফারিকে একহাত নিলেন স্পেন অধিনায়ক

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উৎসব করেছে স্পেন। এর মাঝেই রেফারিং নিয়ে নিজের অসন্তোষ লুকালেন না স্পেনের অধিনায়ক রদ্রি। লামিন ইয়ামাল যেভাবে মাঠে ফাউলের শিকার হচ্ছেন, তা নিয়ে রেফারিদের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি।

ম্যাচ শেষে রদ্রি বলেছেন, ‘আমরা গত তিনটি ম্যাচ ধরেই এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ১০ বা ১৫টিরও বেশি ফাউল করা হলেও রেফারি বাঁশি বাজাচ্ছেন না। আপনি যদি ফাউলের বাঁশি না বাজান, তবে ডিফেন্ডাররা বারবার একই কাজ করতেই থাকবে। রেফারিদের এই নমনীয় মনোভাব আজ একদম স্পষ্ট ছিল। তবে এত কিছুর পরেও ইয়ামাল আজ দুর্দান্ত খেলেছে।’

রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার সেমিফাইনালে দলের বাকি খেলোয়াড়দের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। প্রথমার্ধে ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে ওয়ারসাবাল দলকে এগিয়ে নেওয়ার পর পেদ্রো পোরোর গোলে জয় নিশ্চিত হয় স্পেনের।

দলকে নিয়ে গর্বিত অধিনায়ক বলেন, ‘আমরা প্রতিপক্ষকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছিলাম এবং তাদের আমাদের ছন্দে খেলতে বাধ্য করেছি। বল ছাড়া আমাদের পুরো দল আজ অসাধারণ খেলেছে। বিশেষ করে যারা বদলি হিসেবে মাঠে নেমেছিল, তাদের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। আমি আমার দল এবং দেশের জন্য গর্বিত।’

এবার লক্ষ্য শিরেপাা জানিয়ে রদ্রি যোগ করলেন,‘আমরা আরও একটি ছোট পদক্ষেপ পার করলাম। এখন আমাদের বিশ্রাম নিতে হবে, ভালোভাবে চোট কাটিয়ে উঠতে হবে। কারণ আমাদের সামনে এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি অপেক্ষা করছে।’

Link copied!