৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৫:২৭ এএম
৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের

তিকিতাকায় মুগ্ধ করে বিশ্বকাপ ফাইনালে পৌঁছাল স্পেন। টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রান্সকে তারা হারাল ২-০ গোলে। তাতে স্পেন গড়েছে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড।
পুরুষদের জাতীয় দলগুলোর ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড এটাই। এর আগের রেকর্ডটি ছিল ইতালির। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত তারা টানা ৩৭টি ম্যাচে অপরাজিত ছিল।

স্পেন বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামার সময়ই ছুঁয়েছিল ইতালির রেকর্ড। এবার পেছনেও ফেলল সেটা। এই ৩৮ ম্যাচে তারা জিতেছে ৩১টি আর ড্র ৭টি। স্পেনের এই অপরাজেয় যাত্রার মধ্যে রয়েছে প্রীতি ম্যাচ, নেশনস লিগ, বাছাইপর্ব, ইউরো চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের ম্যাচগুলো।

পরিসংখ্যানের এই তালিকায় কেবল অফিশিয়াল বা প্রতিযোগিতামূলক ম্যাচগুলোকে হিসাব করা হয়েছে। ২০২৩ সালের ১৫ জুন নেশনস লিগের সেমিফাইনালে ইতালির কাছে ২-১ গোলের জয় দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল। তারপর থেকে দলটি জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ , নেশনস লিগে হয়েছে রানার্স-আপ ।

২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরে গেলেও অফিসিয়ালি সেটা ড্র। কারণ টাইব্রেকারে গড়ানো ম্যাচগুলোর ফলাফল ড্র ধরা হয়। সেই ফাইনালে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল স্পেন। এরপর টাইব্রেকারে শিরোপা হারে তারা।

বিশ্বকাপের ফাইনালে যদি তারা না হারে তাহলে টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার নতুন উচ্চতায় পৌঁছে যাবে স্পেন। ফাইনালে তারা এখন অপেক্ষায় আর্জেন্টিনা বা ইংল্যান্ডের জন্য।

Link copied!