২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৯:১১ এএম
২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফুটবলের ইতিহাসে অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের লড়াইয়ে নামলে আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি গড়বেন বিশ্ব ফুটবলের এ জাদুকর।


 
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের হয়ে মাঠে দাপিয়ে বেড়ানো মেসির এ যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে। সেই দিনটি ছিল মেসির জন্য এক তিক্ত অভিজ্ঞতার নাম, কারণ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র ২৫ মিনিট খেলার সুযোগ পেয়েই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই দুঃসহ শুরুর পর তিনি বিশ্ব ফুটবলর অবিসংবাদিত নায়ক।


 
এখন পর্যন্ত খেলা ১৯৯টি ম্যাচে মেসি উপহার দিয়েছেন ১১৭টি গোল ও ৬৪টি অ্যাসিস্ট।


১৬ হাজার ৩৮০ মিনিটের এ দীর্ঘ পথচলায় তিনি জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ, দুইবার কোপা আমেরিকা শিরোপা এবং ফিনালিসিমা জয়ের মতো গৌরব। ক্যারিয়ারের এ বাঁক বদল মোটেও সহজ ছিল না, ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে হারের বেদনা থেকে শুরু করে ২০২২ সালে বিশ্ব জয়ের আনন্দে ভেসে অমরত্বের চূড়ায় স্থান করে নেওয়া; সবই তার এ ২০০ ম্যাচের বর্ণিল ইতিহাসের অংশ। 
মেসির এই ম্যাচগুলোর বড় একটি অংশ জুড়ে রয়েছে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ, যেখানে তিনি ৭২টি ম্যাচে অংশ নিয়ে ৩৬টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া বিশ্বকাপে ২৬টি এবং কোপা আমেরিকায় ৩৯টি ম্যাচ খেলেছেন তিনি।

 

 
বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ২২৮ ম্যাচ নিয়ে সবার উপরে অবস্থান করছেন। তবে মেসির এই ২০০তম ম্যাচের মাইলফলক ছাপিয়ে এখন সবার নজর আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালের দিকে। 

এ টুর্নামেন্টের পর মেসি, রোনালদো কিংবা লুকা মদ্রিচ; কারা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন, তা নিয়ে গুঞ্জন থাকলেও মেসি নিজে এ ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত দেননি। তবে বর্তমান সময়ের এই মহাতারকা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেক নতুন অধ্যায় লিখতে প্রস্তুত, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Link copied!