জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১২:৫৫ পিএম
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে রাষ্ট্রীয় সফরের শেষ দিনে বৃহস্পতিবার সকালে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে কারখানার গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি প্রক্রিয়াটি ঘুরে দেখেন। এ সময় কীভাবে একটি গাড়ি তৈরি হয়, এর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয় বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

পরিদর্শনকালে কারখানায় উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনইচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী পরিদর্শনে অংশ নেন।


 

Link copied!