ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এদিন জরুরি কিছু সেবার ওপর কড়াকড়ি আরোপ করেছে সরকার । ভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যানবাহন চলাচলে বিধিনিষেধ
মোটরসাইকেলসহ পাঁচ ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে । ইতোমধ্যে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। নির্বাচন কমিশন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল ৭২ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে । তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেলের ক্ষেত্রে চলাচলে বাধা নেই।
আজ বুধবার দিবাগত রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত সারা দেশে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে । তবে ভোট দেওয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করতে পারবেন ভোটাররা।
মেট্রোরেল চলবে স্বাভাবিক
রাজধানীবাসীর জন্য মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে, যা চলবে ভোটের দিনও। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (এমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।
দোকান ও পর্যটনকেন্দ্র বন্ধ
আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বড় বড় সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা রয়েছে। ফলে পর্যটন ব্যবসায়ীরাও ভোটের দিন পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এমএফএস সেবায় বিধিনিষেধ
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) লেনদেন সীমা বেঁধে দেওয়া হয়েছে । বাংলাদেশ ব্যাংক এমএফএসে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে ।
যেসব সেবা চলবে
জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন, প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা না থাকায় এসব বাহন চলতে পারবে। বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রেও বিশেষ ছাড় রাখা হয়েছে।
পাসপোর্ট ও টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা থাকবে না। এর পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন এবং প্রয়োজনীয় স্থানীয় চলাচলেও থাকবে শিথিলতা ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন । টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক রাখতে বিটিআরসি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও জরুরি সেবার অন্তর্ভুক্ত হিসেবে চলাচল করতে পারবে ।
































