পঞ্চগড়ে বিএনপি ও ১১–দলীয় ঐক্যের সংঘর্ষ, আহত অন্তত ১৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:২৮ পিএম
পঞ্চগড়ে বিএনপি ও ১১–দলীয় ঐক্যের সংঘর্ষ, আহত অন্তত ১৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের (জামায়াত-এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের দাবি অনুযায়ী, এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

ঘটনা ঘটে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা আশরাফুল ইসলামসহ চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় আশরাফুলকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, ১১–দলীয় ঐক্যের মিছিল থেকে তাদের প্রার্থী নওশাদ জমিরের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। প্রতিবাদে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়।

এনসিপির নেতা-কর্মীরা দাবি করেন, বিএনপির কোনো ব্যানার ছিঁড়া হয়নি। সভা শেষে তাদের নেতা-কর্মীদের বহনকারী পিকআপের সাথে বিএনপির ব্যানার সামান্য লেগে দুলছিল। বিএনপির নেতা-কর্মীরা পথরোধ করে বাগ্‌বিতণ্ডা শুরু করলে বিএনপির হামলায় তাদের আটজন আহত হয়েছেন, যার মধ্যে একজন নারী।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন,
ঘটনার খবর পেয়ে ইউএনও, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এ পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!