ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দুইটি ভিডিওতে দাবি করা হয়েছিল যে, চলচ্চিত্র তারকা শাকিব খান বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তবে যাচাই করে দেখা গেছে, উভয় ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি।
প্রথম ভিডিওটিতে শাকিব খানকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলেও কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো অংশগ্রহণের তথ্য পাওয়া যায়নি। ভিডিও পর্যবেক্ষণে মুখাবয়ব, ঠোঁটের নড়াচড়া, আলো ও পটভূমিতে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। ‘হাইভ মডারেশন’ নামের এআই-পরীক্ষণ টুলে বিশ্লেষণ করলে দেখা যায়, এটি এআই-ভিত্তিক হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
দ্বিতীয় ভিডিওটিতে শাকিব খান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখানো হয়। এরও কোনো সংবাদ বা প্রমাণ পাওয়া যায়নি যে তিনি জামায়াতের প্রচারণায় অংশ নিয়েছেন। ভিডিওটির মুখাবয়ব এবং পটভূমি অসামঞ্জস্যপূর্ণ এবং হাইভ মডারেশনে এটি এআই দ্বারা তৈরি হিসেবে চিহ্নিত হয়েছে।
এছাড়া ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডে শাকিব খানের ছবির সঙ্গে লেখা ছিল—‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান’। এটি ‘দ্য ডেইলি ইনকিলাব’–এর লোগো ব্যবহার করেছে। যাচাই করা হলে দেখা যায়, ফটোকার্ডটি সম্পাদিত এবং আসল সংবাদে স্পষ্টভাবে বলা হয়েছে, ভিডিওটি এআই দ্বারা তৈরি।






























