দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট ৯১ জন ডেঙ্গুতে মারা গেল।
শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১৫২ জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ১৫২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯০ জন।
এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৬৩৯ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৫১ জন।
চলতি ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৫০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৬২৮ জন রোগী।




































