অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ দ্রুত গ্রহণের নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০২:২৫ পিএম
অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ দ্রুত গ্রহণের নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা কার্যক্রমের প্রথম দফায় অক্সফোর্ডের প্রথম ডোজ গ্রহণকারীদের দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২৩ আগস্ট) অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এই বিষয়ে জরুরি ঘোষণা দেয়।

ঘোষণায় বলা হয়, যারা দীর্ঘদিন আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ নিতে পারেন নি, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২২ আগস্ট রোববার পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৬৪ হাজার ৮৯১ এবং নারী ৪১ লাখ ৫১ হাজার ১৩১ জন।

এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ৫২ হাজার ১৮৩ এবং নারী ১৯ লাখ ৩৮ হাজার ৫৭৬ জন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১২ হাজার ৭০৮ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১২ হাজার ৫৫৫ জন।

রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার টিকা পেতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৮৩৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন আরও চার লাখ ১২ হাজার ১৭৪ জন। সব মিলিয়ে তিন কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ১০ জন টিকা নিতে নিবন্ধন করেছেন।

এ সময় পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট দুই কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৮৮৫ ডোজ টিকা বিতরণ করা হয়েছে।

Link copied!