সম্মিলিত ইসলামী ব্যাংক

৭ সেপ্টেম্বর থেকে টাকা তোলা যাবে ইচ্ছামতো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:২৯ এএম
৭ সেপ্টেম্বর থেকে টাকা তোলা যাবে ইচ্ছামতো

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকরা ফেরত পেতে চলেছেন তাদের মূল আমানতের টাকা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া। প্রাথমিকভাবে গ্রাহকরা তাদের হিসাব থেকে সম্পূর্ণ মূল অর্থ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট এককালীন তুলতে বা নগদায়ন করতে পারবেন। তবে এক্ষেত্রে কোনো মুনাফা পাওয়া যাবে না। আর এ সুবিধা পেতে আজ মঙ্গলবার থেকেই আবেদন করা যাবে ব্যাংকটির শাখাগুলোয়।

এক বিশেষ প্রজ্ঞাপনে সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনাবলি অনুসরণের নির্দেশনা দিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি হিসেবে স্বাভাবিক লেনদেন ফের শুরু হওয়ার কথা। তবে শাখা ও উপশাখাগুলোয় নগদ টাকার রিকুইজিশন পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকার জোগান নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি শেষ করতে কিছু সময় প্রয়োজন। আর সে কারণে পুরোদমে আমানতের টাকা ফেরত দিতে ৭ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং বিভিন্ন মেয়াদি হিসাব (যেমন— এমটিডিআর ও ডিপিএস) থেকে গ্রাহকেরা তাদের জমানো মূল টাকা তুলে নিতে পারবেন। যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী পূর্বনির্ধারিত হারে যথারীতি মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ মিলবে।

টাকা পরিশোধ শুরু হওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে হারিয়ে যাওয়া আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালন করার নির্দেশনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ দিনটিকে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা পুনর্গঠনের দিন হিসেবে গণ্য করে শাখা-উপশাখা সুন্দরভাবে সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকা, গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানো এবং জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!