টানা প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে আগামী বুধবার মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরবেন তিনি।
রবিবার দুপুরে মালয়েশিয়া থেকে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এ তথ্য জানিয়েছেন।
আফরোজা আব্বাস বললেন, ‘আলহামদুলিল্লাহ, উনি আগামী ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত সাড়ে ৯টার দিকে তাকে নিয়ে ঢাকায় পৌঁছাব।’
তিনি উল্লেখ করেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা চলবে। প্রতিদিন তাকে থেরাপি দিতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে।
গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিয়মিত চিকিৎসা ও ফিজিওথেরাপি নেন।
এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।
এরপর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরেই দেশে ফেরার জন্য আগ্রহী হয়ে উঠেছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে তিনি দেশে ফেরার বিষয়ে তাগাদা দিচ্ছিলেন।
তিনি বলেন, ‘চিকিৎসকেরা তার সব পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন। এরপর মেডিকেল বোর্ড তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছে। তবে তারা বলেছেন, দেশে ফেরার পরও তাকে প্রতিদিন থেরাপি দিতে হবে।’




















