মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে জুনায়েদ চোকদার (৪০) নামে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে শিবচরের ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে তাকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত জুনায়েদ চোকদার ভান্ডারীকান্দি ইউনিয়নের চোকদার কান্দি এলাকার আব্দুর রহমান চোকদারের ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, জুনায়েদ ভান্ডারীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জুনায়েদ চোকদার ক্রোকচর বাজার এলাকায় একাই দাঁড়িয়ে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাকে ঘটনাস্থলে ফেলে চলে যায় তারা।
স্থানীয়রা আহত জুনায়েদকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, হামলার সময় জুনায়েদ চোকদারের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেছেন, ‘কয়েকদিন আগেও ওই এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। সে সময় উভয় পক্ষই মামলা করেছিল। এরপর আজ আবার নতুন করে সংঘর্ষের সৃষ্টি হয় এবং জুনায়েদ চোকদার আহত হন।’
তিনি আরও বলেছেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের ধরার চেষ্টা করছে। তবে ঘটনাস্থল বর্তমানে অনেকটা জনশূন্য। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’





























