বিরতির পর কারিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৪২ এএম
বিরতির পর কারিনা

বড় পর্দায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের উপস্থিতি সম্প্রতি কিছুটা কমেছে। গত দুই বছরে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তার। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ৪৫ বছর বয়সী এই তারকার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দায়রা’। এটি পরিচালনা করেছেন ‘তালভার’ ও ‘রাজি’র নির্মাতা মেঘনা গুলজার। গতকাল প্রকাশ পেয়েছে এর ট্রেলার।

‘দায়রা’তে কারিনাকে দেখা যাবে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার ভূমিকায়। সিনেমায় তার সহশিল্পী দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন। তিনি অভিনয় করেছেন ডিসিপি রমন কুমার চরিত্রে। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। সত্যি ঘটনায় অনুপ্রাণিত এই থ্রিলারের গল্পে দেখা যাবে, নিখোঁজ এক কিশোরীর ঘটনা নিয়ে পুলিশের তদন্ত।

কারিনা জানিয়েছেন, মেঘনা গুলজারের সঙ্গে কাজ করার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল— চরিত্র সম্পর্কে দর্শকের প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলা। ডিসিপি চরিত্র তাকে অভিনয়ের এমন একটি জায়গায় নিয়ে গেছে, যা আগে খুব একটা অন্বেষণ করেননি।

২০২৪ সালে কারিনার তিনটি সিনেমা মুক্তি পায়— ‘ক্রু’, ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ এবং ‘সিংঘাম অ্যাগেইন’। দুই বছর পর ‘দায়রা’ নিয়ে ফিরছেন তিনি। কারিনার হাতে এখন বেশ কিছু প্রকল্প রয়েছে। এরমধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে সঞ্জয়লীলা ভানসালির প্রযোজনায় ধানুশের সঙ্গে একটি সিনেমা। গত দুই বছরে কারিনার জীবনের বড় অংশ কেটেছে দুই ছেলে তৈমুর ও জেহকে ঘিরে। সন্তানদের স্কুল, খেলাধুলা ও দৈনন্দিন জীবনে সময় দেওয়ার পাশাপাশি পরিবারকে নিয়ে একাধিকবার ছুটিতে গেছেন তিনি।

 

Link copied!