সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের গেজেট প্রকাশ হয়েছে। দুই বছরে চার ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়ায় এখন মূল বেতন বাড়বে ৩০ শতাংশ এবং আগামী জানুয়ারিতে ৩৫ শতাংশ।
মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পরদিন আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে ‘চাকরি আদেশ ২০২৬’ এর গেজেট প্রকাশ হয়।
প্রায় ২৪ লাখ সরকারি কর্মচারীর বেতন বাড়াতে ১১ বছর পর নবম বেতন কাঠামো ঘোষিত হয়েছে। এতে বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গেজেট অনুসারে এই বেতন বৃদ্ধি একেবারে হবে না। আগামী দুই অর্থ বছরে চার ধাপে তা বাস্তবায়ন হবে।
নতুন কাঠামোয় মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ গত জুলাই মাস থেকে বাড়তি বেতনের ৪০ শতাংশ হারে বেশি পাবেন সরকারি কর্মচারীরা। জুলাই-আগস্টের বাড়তি অর্থ বকেয়া হিসেবে দেওয়া হবে।
আরও ৩৫ শতাংশ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মূল বেতনের অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে কার্যকর হবে। এরপর ওই অর্থবছরের জানুয়ারিতে বিভিন্ন ভাতা বাস্তবায়ন হবে।
নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় মহার্ঘ ভাতা বিলুপ্ত হবে। যার এরই মধ্যে জুলাই-আগস্টের মহার্ঘ ভাতা পেয়েছেন, তা বাড়তি বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
প্রথম গ্রেডে মূল বেতন বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হলেও গেজেটে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং এই মর্যাদার কর্মকর্তাদের বেতন হবে ১ লাখ ৭০ হাজার টাকা। জ্যেষ্ঠ সচিব এবং এই মর্যাদার কর্মকর্তাদের বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা।
যারা ১ জুলাইয়ের আগে অবসরে গেছেন, তারা নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধাভোগী হবেন না বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।
পেনশনের বিষয়ে গেজেটে বলা হয়েছে, ৬৫ বছরের বেশি পেনশনভোগীদের নিট পেনশন ৫০ শতাংশ বাড়বে, অন্যদের ক্ষেত্রে বাড়বে ৪০ শতাংশ।




























