শিল্প কোনো পাপ নয়: প্রভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:২৭ এএম
শিল্প কোনো পাপ নয়: প্রভা

বাংলাদেশি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। চমৎকার অভিনয় ও স্বাভাবিক অভিব্যক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি দর্শকহৃদয় জয় করে চলেছেন। কাজের প্রতি সততা, নিজস্ব আত্মমর্যাদা এবং অভিনয়ের সাবলীল মেধা দিয়ে নাট্যাঙ্গনে তিনি তৈরি করেছেন নিজের স্বতন্ত্র পরিচয়।

সম্প্রতি শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় ও শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। অভিনয় পেশা, নিজের পরিচয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন তিনি।

প্রভার মতে, শিল্প শুধু জীবিকা অর্জনের উপায় নয়; এটি সমাজের মর্যাদা ও সুস্থ সংস্কৃতির মূল ভিত্তি। তিনি লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

তার কথায়, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি—আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

তিনি আরও যোগ করেন, শিল্পকলা বা অভিনয়ে যুক্ত হওয়ার আগে শিক্ষা ও সুস্থ সংস্কৃতির চেতনা থাকা কতটা জরুরি। তার ভাষায়, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি— নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্পের শক্তি ও শিল্পীর মর্যাদার কথা মনে করিয়ে দিয়ে প্রভা বলেছেন, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

প্রভার এই কঠোর কিন্তু বাস্তবমুখী মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলছেন, বর্তমান সময়ে বিনোদন জগতে অশিক্ষিত ও সুযোগসন্ধানীদের ভিড় নিয়ে যে ক্ষোভ জমেছে, প্রভা সাহসিকতার সঙ্গে সেটাই স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কাজ করা প্রভা মনে করেন, অভিনয় পেশাকে কোনো সস্তা উপায়ে না দেখে কাজের প্রতি সম্মান রাখা উচিত। শিল্পীর মর্যাদা রক্ষা করা সমাজের সভ্যতার লক্ষণ— তার এই বার্তা এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয়।

Link copied!