চলতি বছর ভারতের সাহিত্য একাডেমির ‘ফেলো’ সম্মানে ভূষিত হয়েছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
রোববার (১৯ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস জানায়ু, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভারতের সাহিত্য একাডেমির ‘ফেলো’ সম্মানে ভূষিত হয়েছেন। বিভিন্ন ভারতীয় ভাষার সাহিত্যিকসহ আরও ৭ জন ভারতীয় লেখক এই সম্মান পেয়েছেন।
বিভিন্ন ভারতীয় ভাষার সাহিত্যিক রয়েছেন সেই তালিকায়। রয়েছেন ইংরেজি ভাষার সাহিত্যিক রাসকিন বন্ড, মরাঠি কবি-প্রাবন্ধিক বালচন্দ্রন নেমাড়েও।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে সাহিত্য একাডেমির বাংলা উপদেষ্টা পর্ষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট কবি সুবোধ সরকার ফেসবুকে পোস্টে লিখেছেন, “শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য অ্যাকাডেমির সবচেয়ে বড় সম্মানে ভূষিত হলেন। তিনি একাডেমির ‘ফেলো’নির্বাচিত হয়েছেন।“
“আরও সাতটি ভাষা থেকে আরও সাতজন ভারত-বিখ্যাত লেখককে সম্মান জানাল সাহিত্য একাডেমি। যেমন রাসকিন বন্ড আছেন, তেমনি আছেন বালচন্দ্রন নেমাড়ে। একটি বিশেষ অনুষ্ঠানে শীর্ষেন্দুদার হাতে একাডেমি এই সম্মান তুলে দেবে। বাংলায় সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী শঙ্খ ঘোষের পর অনেকদিন পর আবার একজন কথাসাহিত্যিক ফেলো নির্বাচিত হলেন। শীর্ষেন্দুদা, আপনার সম্মানে আমরা আজ সম্মানিত।“
বাংলাদেশের ময়মনসিংহে ১৯৩৫ সালে জন্ম নেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০) পুরুস্কার পেয়েছেন তিনি। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার পান।








































