ঋতু বদলের সময় বিড়ালের কোন রোগে বাড়ে ঝুঁকি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:০৬ পিএম
ঋতু বদলের সময় বিড়ালের কোন রোগে বাড়ে ঝুঁকি!

বিড়ালশাবক লালনপালন অনেকটা শিশুকে বড় করার মতোই। নিয়মিত যত্ন, আচরণে নজর আর সামান্য পরিবর্তনও বুঝে নেওয়ার দায়িত্ব থাকে অভিভাবকের ওপর। বিশেষ করে ঋতু বদলের সময় পোষ্যের শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। আগে থেকে লক্ষণ জানা থাকলে দ্রুত চিকিৎসা সম্ভব।

দুই মাস বয়সে বাড়িতে এসেছিল সাদা তুলোর বলের মতো ছোট্ট মার্জারশাবক। এখন তার বয়স এক বছর। পরিবারের সকলের আদরের ‘আদরিনী’। হঠাৎ একদিন তার লোম ঝরতে শুরু করে, দেখা দেয় অস্বস্তি। পরে পশুচিকিৎসকের কাছে জানা যায়, অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে সে। সময়মতো চিকিৎসায় সেরে ওঠে।

বিশেষজ্ঞদের মতে, পোষ্য শুধু বাড়িতে রাখলেই দায়িত্ব শেষ হয় না। তাদের আচরণ, খাওয়াদাওয়া, ঘুম কিংবা শরীরের সামান্য পরিবর্তনও খেয়াল করতে হবে। ছোট উপসর্গ অবহেলা করলে বড় সমস্যায় রূপ নিতে পারে।

ঋতু বদলের সময় কোন সমস্যাগুলিতে সতর্ক থাকবেন?
১) শ্বাসতন্ত্রের সমস্যা

হঠাৎ ঠান্ডা পড়া বা তাপমাত্রার পরিবর্তনে বিড়ালের সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হতে পারে। দীর্ঘদিন এমন লক্ষণ থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২) অ্যালার্জি

দিনভর শরীর চাটা, অতিরিক্ত চুলকানি বা লোম ঝরে পড়া—এসবই অ্যালার্জির লক্ষণ হতে পারে। কখনও হজমের সমস্যাও দেখা দেয়। ধুলো, ফুলের রেণু, ছত্রাক কিংবা মাছি থেকে অ্যালার্জি হতে পারে।

৩) জলশূন্যতা

শীত শেষে গরম বাড়লে শরীরে জলের চাহিদা বেড়ে যায়। কিন্তু অনেক বিড়ালই সহজে জল খেতে চায় না। ফলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান নিশ্চিত করা জরুরি।

৪) পরজীবী সংক্রমণ

ঋতু পরিবর্তনের সময় এঁটুলি বা অন্যান্য পরজীবী লোমে বাসা বাঁধতে পারে। এতে চুলকানি, ত্বকের সংক্রমণ বা অস্বস্তি বাড়ে।

অ্যালার্জির বিশেষ লক্ষণ

পশুচিকিৎসকেরা জানান, অ্যালার্জি হলে লোম ঝরা, চুলকানি, কানে সংক্রমণ এমনকি ত্বকে লালচে-হলুদ ক্ষত তৈরি হতে পারে। এই ক্ষতকে বলা হয় ‘ইওসিনোফিলিক প্লাক’। আক্রান্ত স্থানে বিড়াল বারবার জিভ বোলালে ক্ষত আরও বাড়তে পারে।

Link copied!