বড়শিতে জীবন্ত জীবাশ্ম!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১২:৪৮ পিএম
বড়শিতে জীবন্ত জীবাশ্ম!

পৃথিবীতে ঐতিহাসিক অনেক জীবাশ্মের অস্তিত্ব এখনও মেলে। এবার মিলেছে এক প্রজাতির মাছের অস্তিত্ব। মার্কিন মৎস্য শিকারি ড্যানি লি স্মিথের বড়শিতে ধরা পড়েছে এই মাছটি। এটি অ্যালিগেটর গার প্রজাতির মাছ। যা প্রায় ১০ কোটি বছর আগের পুরোনো প্রজাতি বলে ধারণা মৎস্য বিজ্ঞানীদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের নিওশো নদীতে মাছ ধরতে গিয়ে ঘটেছে এই আশ্চর্য ঘটনা। প্রায়ই মাছ ধরতে সেই নদীতে যান মৎস্যশিকারি ড্যানি লি স্মিথ। হঠাৎ তার বড়শিতে বড় মাছ ধরা পড়ে। ডাঙায় তোলার পর দেখেন সেটি 'অ্যালিগেটর গার' প্রজাতির মাছ। কানসাস নদীতে এ প্রজাতির মাছ আগে কখনও পাওয়া যায়নি। 

কানসাসের ডিপার্টমেন্ট অব ওয়াইল্ডলাইফ অ্যান্ড পার্কের সূত্রে জানা যায়,, ড্যানি লি যে মাছটি ধরেছেন, এটি সাড়ে চার ফুট দীর্ঘ এবং এর ওজন প্রায় ১৮ কেজি।

ড্যানি লি জানান, কানসাসের জলাধারে অনেক ধরনের গার রয়েছে। তবে কানসাসের নদীতে এই প্রথম এ মাছ ধরা পড়েছে।

বিরল অভিজ্ঞতার কথা জানিয়ে ড্যানি বলেন, "নদী থেকে মাছটি তোলার পর আমি অবাক হয়ে যাই! গার প্রজাতির মাছ সাধারণত জালে কিংবা বঁড়শিতে আটকালে খুব লম্ফঝম্ফ দেয়। কিন্তু এটির আচরণ ছিল একেবারেই শান্ত। এটি আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।"

মৎস্য বিজ্ঞানীরা জানান, অ্যালিগেটর গার প্রজাতির মাছকে 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যেগুলো সুদূর অতীতে জন্ম নেয় এবং কোনও পরিবর্তন ছাড়াই পৃথিবীতে টিকে থাকে। এর অধিকাংশ প্রাণী ইতোমধ্যে বিলুপ্ত। এসব প্রাণীকে সাধারণত 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়।

 

সূত্র: সিএনএন

Link copied!