আজ শুভ মহালয়া। শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি। আজ থেকেই শুরু হলো দেবীপক্ষের। পিতৃপক্ষের অবসান বা দেবীপক্ষের পূর্ববর্তী অবস্থাকে বলা হয় মহালয়া।
শ্রীশ্রী চণ্ডীপাঠ করে মর্ত্যলোকে আগমনের জন্য় দেবী দুর্গাকে আমন্ত্রণ জানাবে ভক্তরা। ঘট স্থাপন ও বিশেষ পূজার মাধ্যমে চলবে আনুষ্ঠানিকতা।
হিন্দুশাস্ত্র মতে, মহালয়ার এই দিনে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলা উচিত। কিছু অবশ্য পালনীয় কর্তব্য আছে এবং কিছু কাজে রয়েছে বারণ। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য অবশ্য কাজগুলো পালন করা উচিত।
শুভ মহালয়ায় অবশ্য পালনীয় কাজগুলোর মধ্যে রয়েছে—
- মহালয়ার ভোরবেলা ঘুম থেকে উঠেই গোসল করে পবিত্র হয়ে নিতে হবে।
- ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করতে হবে। খালিপেটে তর্পণ করা উচিত।
- যারা তর্পণ করতে পারবেন না, তারা পূর্বপুরুষের ছবিতে মালা পরিয়ে প্রিয় খাবার রেখে দিতে পারেন।
- এই দিনে দরিদ্রদের দান-দক্ষিণা করলে পুণ্যতা পাবেন। দরিদ্রদের খাবার খাওয়ান, পোশাকও দিতে পারেন।
- গরু, কুকুর, কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতে পারেন।
- বিষ্ণুর নাম জপ করুন। এ ছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করলে পুণ্যতা পাবেন।
শুভ মহালয়ায় যে কাজ করা যাবে না—
- যারা তর্পণ করবেন, তারা চুল ও দাড়ি কাটবেন না।
- মহালয়ার দিন শুভ কাজ করতে নেই। বিয়ের আলোচনা না করা, বাড়ি, গাড়ি না কেনাই শ্রেয়। নতুন ব্যবসাও শুরু করবেন না।
- মহালয়ার আমিষ খাওয়া উচিত নয়।
- পূর্বপুরুষের ছবির সামনে আমিষ খাবার দেবেন না।
- মহালয়ায় ধূমপান, মদ্যপান নিষেধ।
- কেউ দান-দক্ষিণা চাইলে খালি হাতে ফিরিয়ে দেবেন না।
- বাড়িতে খাবার চাইতে এলে খালি পেটে ফিরিয়ে দেবেন না। আটা, চালও দান করতে পারেন।







































