রাষ্ট্রদূতদের আশ্বাসে বহিষ্কারের সিদ্ধান্ত পরিবর্তন এরদোয়ানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৮:০৩ পিএম
রাষ্ট্রদূতদের আশ্বাসে বহিষ্কারের সিদ্ধান্ত পরিবর্তন এরদোয়ানের

রাষ্ট্রদূতদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতির পর বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে এলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার এক বিবৃতিতে ১০ দেশের দূতাবাস জানায়, তুরস্কের কূটনৈতিক অবস্থানের সঙ্গে মানিয়ে চলবে তারা।

এরপর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, রাষ্ট্রদূতেরা তাদের অবস্থান থেকে সরে এসে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন। আমাদের লক্ষ্য আইন ও সার্বভৌমত্ব রক্ষা করা, সংকট সৃষ্টি করা নয়। 

দূতাবাসগুলোর তুরস্কের বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে থেকে বিরত থাকবে উল্লেখ করে এরদোয়ান বলেন, “আশা করছি রাষ্ট্রদূতেরা তুরস্কের সার্বভৌম অধিকারের ব্যাপারে আরও সতর্ক হবেন।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ দশ দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিবিসি জানায়, তুর্কি অ্যাক্টিভিস্ট ওসমান কাভালার মুক্তি দাবিতে বিবৃতি দেওয়ার জেরেই ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট।

কাভালার পক্ষে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেন। এরপর দশ দেশের রাষ্ট্রদূতকে তলব করে অসন্তোষ জানায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কে জন-হিতৈষীকর কাজের জন্য সুপরিচিত হলেও সরকারবিরোধী বিক্ষোভে অর্থ জোগানো ও ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের অভিযোগে ২০১৭ সালে ওসমান কাভালাকে আটক করে এরদোয়ান সরকার। যদিও এসব মামলায় তিনি এখনও দোষী সাব্যস্ত হননি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!