অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি।
বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, কারও সংসার ভাঙার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাঁর কখনোই ছিল না।
তিথি তাঁর পোস্টে জাহের আলভীর সঙ্গে সম্পর্কের অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছেন। তিনি জানান, ইকরার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ এবং তাঁদের মধ্যে নিয়মিত স্বাভাবিক কথাবার্তা হতো। নিজের বক্তব্যের সমর্থনে তিনি ইকরার সঙ্গে হওয়া ব্যক্তিগত কথোপকথনের ৪০টিরও বেশি স্ক্রিনশটও প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে তিথি লিখেছেন, “কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ইকরা নিজেই আমেরিকায় যাওয়ার কথা ভেবেছিল। আমি বরাবরই তাকে বলেছি, তুমি চাইলেও যেতে পারবে না—কারণ তুমি আলভীকে ভালোবাসো এবং তুমিই তাঁর কুইন।”
ইকরাকে আত্মহত্যার জন্য উসকানি দেওয়ার অভিযোগও তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। তাঁর প্রশ্ন, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পর কীভাবে তিনি এমন কিছু করতে পারেন।
পোস্টে তিথি আরও উল্লেখ করেন, ইকরা পারিবারিক কিছু দূরত্ব ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর দাবি, ইকরা তাঁকে জানিয়েছিলেন যে ২০১৮ সালে পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি।
পোস্টের শেষে তিথি ইকরার আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, যদি তাঁর কোনো ক্ষতি হয়, তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে।
































