সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ৬টি ড্রোন এবং একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ঠেকিয়ে দিয়েছে।
ড্রোনগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি ‘এম্পটি কোয়ার্টারে’ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এলাকাটিতে শায়বাহের মতো সমৃদ্ধ তেলক্ষেত্র রয়েছে। শায়বাহ তেলক্ষেত্রই এই হামলার লক্ষ্য ছিল।
সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর তথ্যমতে, এই ক্ষেত্রটি থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।
এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করেছিল। সূত্র: বিবিসি

































