রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:৪৬ পিএম
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময় শুক্রবার (১৩ মার্চ) ভোরে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়।

সংকটময় এমন পরিস্থিতিতে জাহাজে ইতোমধ্যে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির জন্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে বলে জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, গত ১২ মার্চের মধ্যে যেসব রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে লোড করা হয়েছে, সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে কোনো বাধা ছাড়াই সরবরাহ করা যাবে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে হামলার পর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে বিশ্ববাজারে তেল ও গ্যাস পাঠায়।

সূত্র: ফ্রান্স ২৪

Link copied!