সেলিম খানের সর্বশেষ অবস্থা জানালেন আরবাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:০২ পিএম
সেলিম খানের সর্বশেষ অবস্থা জানালেন আরবাজ

হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তিনি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন বলে জানিয়েছেন তাঁর ছেলে অভিনেতা ও নির্মাতা আরবাজ খান।

গত বুধবার রাতে মুম্বাইয়ে একটি ইফতার পার্টি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের আরবাজ খান বলেন, এখন তিনি ভালো আছেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন—এমন প্রশ্নের জবাবে আরবাজ খান সংক্ষেপে বলেন, শিগগিরই।
৯০ বছর বয়সী সেলিম খান গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণ (মিনিমাল ব্রেন হেমোরেজ) হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। গত মাসে কিংবদন্তি এই চিত্রনাট্যকারের একটি ছোট অস্ত্রোপচারও হয়।

এর আগেও হাসপাতাল থেকে জানানো হয়েছিল, তিনি স্থিতিশীল আছেন, তবে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যেদিন সেলিম খানের অস্ত্রোপচার হয়, সেদিন তাঁর চিকিৎসক ডা. জলিল পার্কার এক বিবৃতিতে জানান, পরিবারের ইচ্ছা অনুযায়ী তাঁর শারীরিক অবস্থা নিয়ে আর কোনো মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না।

সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর এটাই প্রথমবার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এল। এর আগে খান পরিবারের কেউই তাঁর শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেননি বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেননি।
তবে তাঁকে হাসপাতালে নেওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের অনেক সহকর্মীও সেখানে দেখতে যান। অভিনেতা আমির খান, চিত্রাঙ্গদা সিং ও ডেইজি শাহ প্রকাশ্যে বলেন, সেলিম খান ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।


এনডিটিভি অবলম্বনে

Link copied!