দুবাইয়ে আজ শুক্রবার সকালে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে।
বিস্ফোরণের পর মধ্যপ্রাচ্যের অন্যতম এ প্রধান অর্থনৈতিক কেন্দ্রের মধ্যাঞ্চলীয় এলাকার আকাশে বিশাল ধোঁয়ার মেঘ জমতে দেখা গেছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমান। পুলিশ এপির এক সাংবাদিককে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা দেয়।
দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’
কর্তৃপক্ষ আরও বলেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়া দুবাইয়ের বিখ্যাত পালতোলা আকৃতির বুর্জ আল আরব হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান




































