আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কেরালা। ভারতের দক্ষিণের রাজ্যটিতে বন্যার প্রকোপে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন।
হিন্দুস্তান টাইমস জানায়, দুর্যোগ মোকাবেলায় সেনা ও বিমানবাহিনী যোগ দিয়েছে উদ্ধারকাজে। রাজ্যের অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে। মধ্য কেরালার অনেক জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে।
অতিবৃষ্টির কারণে রাজ্যের নদীগুলোতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
কেরলেপ এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচূড়, কোট্টায়াম, পত্থনমথিট্টা, পলক্কড় জেলায় সর্বোচ্চ ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও তিরুঅনন্তপুরম, আলপ্পুঝা, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, ও ওয়ানাড় জেলায়ও কমলা সতর্কতা জারি আছে।
দক্ষিণ, মধ্য ও উত্তর কেরালার জেলাগুলোয় রোববারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৯ অক্টোবর সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।



































