চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।
ভারী বর্ষণের কারণে ৭০টির বেশি শহরে ভূমিধস ও ভবনধস হয়। বন্যার কারণে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিধসে চারজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এ ব্যাপারে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়াং কিরুই জানান, বন্যায় কমপক্ষে সাড়ে ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ১৯ হাজার ৫০০ ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮ হাজার ২০০ বাড়ি।
মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায়, শানসির রাজধানী তাইউনে গত সপ্তাহে ১৮৫ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অক্টোবরে প্রদেশে স্বাভাবিক মাত্রার চাইতে ১৩ গুণ বৃষ্টিপাতের ফলেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যার সৃষ্টি হয়েছে।
তিন মাস আগে হেনান প্রদেশের বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। শানঝি প্রদেশের বন্যা হেনান প্রদেশের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







































